কানাডার টরন্টোর বাংলাটাউনের ডেনফোর্থে মেঘা জুয়েলার্সে দুঃসাহসিক চুরির চুরির ঘটনা ঘটেছে। রোববার (৪মে) দিবাগত রাতে এই চুরির ঘটনাটি ঘটানো হয়।দোকানের স্বত্বাধিকারী সিলেটের ঝুমা জুয়েলার্সের সাবেক মালিক প্রদীপ কুমার কর্মকার জানান, টেলার্স সিকিউরিটির অটোমেটিক এলার্ম সিস্টেম পুলিশ কে ফোন দেয় এবং কয়েক মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে আসে । তবে ততক্ষণ চোরের পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজ দেখা যায় মধ্যরাতে চারজন মুখোশধারী দুর্বৃত্ত একটি গাড়ি নিয়ে দোকানের পাশে রাস্তার ওপর অবস্থান নেয়। তারা দোকানের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং একে একে ৫টি দরজার তালা ভেঙে মুল লকারের কাছে পৌছায়। ততক্ষণে অটোমেটিক এলার্ম বেজে উঠে। মুল লকার ভাঙার আগেই তারা পালিয়ে যেতে বাধ্য হয়। যাওয়ার সময় তারা দোকানের ভেতরের আসবাবপত্র এবং শো-কেস তছনছ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
ঘটনার খবর পেয়ে টরন্টো পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক আলামত সংগ্রহ করার পাশাপাশি দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ধারণা, এই চোরচক্রটি অত্যন্ত পেশাদার এবং তারা আগে থেকেই দোকানটির রেকি করেছিল। তবে এখন পর্যন্ত কোনো গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
এদিকে ডেনফোর্থ এলাকায় ঘনঘন চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে।তারা বলেন বাংলা টাউনের মতো নিরাপদ এলাকায় এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা এই এলাকায় পুলিশের টহল সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানান।







