প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সিলেটে পাইকারি বাজার থেকে পাড়া-মহল্লার দোকানগুলোতে দেশি-বিদেশি নানা ব্রান্ডের অবৈধ ও নকল সিগারেটে সয়লাব। এবার নকল সিগারেট ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। গত সাত দিনে সিলেট নগরীর বন্দরবাজার, হকার্স মার্কেট ও শাহপরান এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। যার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
শনিবার (১৭অক্টোবর) বিকেলে সিলেট জেলা প্রশাসক কর্যালয়ের সামনে জব্দকৃত সিগারেটগুলো ধ্বংস করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।
তিনি বলেন, সিলেট নগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দোকানগুলোতে নকল সিগারেট বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনসন, গোল্ডলিফ, মন্সটার, পুষ্পা, ডার্বি, পার্টনার ও প্রাইম গোল্ডসহ বিভিন্ন ব্র্যান্ডের নামে বিক্রি হওয়া নকল সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটগুলো আজ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরও বলেন, নতুন বিধান অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুদের পার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। এ বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। একই অপরাধ পুনরায় করলে জরিমানার পরিমাণ ধাপে ধাপে বাড়বে।
জেলা প্রশাসনের মতে, নকল শুধু সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে না, বরং স্বাস্থ্য ব্যয় বাড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে কম দামে সহজলভ্য হওয়ায় যুব সমাজকে ধূমপানে আসক্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে।




প্রতিদিন প্রতিবেদক



