সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, সোনারহাট, প্রতাপপুর, নোয়াকোট, দমদমিয়া ও সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় গরু, মহিষ, মদ, বিয়ার, চিনি, মাল্টা, বাসমতি চাল, জিরা, অলিভ অয়েল ও সাবানসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ৫ হাজার ৭১০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।




প্রতিদিন প্রতিবেদক



