শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শাহজালাল (রহ.) মাজারের ডেগে শেখ হাসিনাকে নিয়ে চিঠি

  • প্রকাশের সময় : ২৪/১০/২০২৬ ১৪:০৩:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের মানতের ডেগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে লেখা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে তাঁর সুস্থতা কামনার পাশাপাশি বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে ফিরে আসার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।


শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের দানবাক্স ও মানতের ডেগের অর্থ গণনার সময় চিঠিটি পাওয়া যায়। এদিন মাজারে পঞ্চম দফায় প্রকাশ্যে দানবাক্স ও মানতের ডেগের অর্থ গণনা শুরু হয়।


চিঠিতে ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। ওই দিন ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। চিঠিতে লালবাগ থানা ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না নাম উল্লেখ করে তাঁর জন্য দোয়া ও প্রার্থনার কথা লেখা হয়েছে।


চিঠিতে লেখা হয়, ‘আসসালামু আলাইকুম। আমি লালবাগ থানা ২৪ ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল মাজারে নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন তাঁকে সর্বদা সুস্থ রাখেন এবং বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে যেন ফিরে আসেন, আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।’


এদিকে, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গত ২৩ সেপ্টেম্বর গঠিত কমিটির সভায় দানবাক্সের অর্থ নিয়মিত গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দানের অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে এবং বাকি ৬৫ শতাংশ দৈনন্দিন খরচ ও কর্মচারীদের বেতন-ভাতার জন্য ব্যয় করা হবে।


মাজারের দানবাক্স ও ঐতিহাসিক মানতের ডেগে নগদ টাকা ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি মাঝেমধ্যে এমন ব্যতিক্রমী চিঠি পাওয়ার ঘটনাও মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স