সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৮ জন।
শুক্রবার (১৩ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশুর এবং হবিগঞ্জ সদর হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের বয়স ১১ মাস। তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। আরেক শিশুর বয়স ৪ মাস ১৭ দিন। তার বাড়ি সিলেট সদর এলাকায়। হবিগঞ্জে মারা যাওয়া শিশুটির বয়স ৯ মাস। তার বাড়ি জেলার সদর উপজেলায়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২, সুনামগঞ্জে ৪৫২, হবিগঞ্জে ২৬০ এবং মৌলভীবাজারে ১৫৮ জন।
বর্তমানে হাম সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫৮ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৬৯ এবং বেসরকারি হাসপাতালে ৮৯ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১৩৯ জন এবং বেসরকারি হাসপাতালে ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।




প্রতিদিন প্রতিবেদক



