সিলেট নগরীর চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয় (ল কলেজ) এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় বাসগুলো পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা বা কী কারণে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে সন্দেহ করছে পুলিশ।
তিনি আরও জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।




প্রতিদিন প্রতিবেদক



