শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

ওসমানী বিমানবন্দরে স্বর্ণ জব্দ করে প্রায় ৩ লাখ টাকার রাজস্ব আদায়

  • প্রকাশের সময় : ২৬/১১/২০২৬ ১৭:৩৬:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ (র-গোল্ড) জব্দের পর ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৬ ফ্লাইটে এনএসআই ও কাস্টমসের যৌথ অভিযানে এসব স্বর্ণ জব্দ করা হয়।


গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফ্লাইটের সন্দেহভাজন ৮ যাত্রী কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করে এনএসআই। এ সময় যাত্রীদের হ্যান্ড লাগেজ তল্লাশি করে ঘোষণা বহির্ভূত স্বর্ণ পাওয়া যায়। পরে উদ্ধার করা স্বর্ণ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হলে তা অপরিশোধিত স্বর্ণ (র-গোল্ড) হিসেবে শনাক্ত করা হয়। পরে এসব স্বর্ণের রাজস্ব বাবদ মোট ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করেছে কাস্টমস কর্তৃপক্ষ।


জব্দ করা স্বর্ণের মধ্যে জুবায়ের আহমেদ, ফয়েজ উদ্দিন ও দেলোয়ার হোসেনের কাছ থেকে ১০০ গ্রাম করে, জাকির হোসেন ও এ. রহমানের কাছ থেকে ৫০ গ্রাম করে, ইমরান নাজিরের কাছ থেকে ৯৪ গ্রাম, জামিল আহমেদের কাছ থেকে ৯০ গ্রাম এবং আলমগীর হোসেনের কাছ থেকে ৯৭ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।


নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরের দ্বায়িত্বরত আইনশৃংখলা বাহিনীর এক সদস্য বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই ও কাস্টমস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে আট যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।


ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মাহমুদ আখতার হোসেন বলেন, অভিযানের বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো তাদের কিছু জানায়নি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স