ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামে ফেইসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিরূপ মন্তব্যের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ব্যাপক ভাংচুরের ঘটনা সহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মন্তব্য-পাল্টা মন্তব্য শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে রাতেই গ্রামের মুরব্বি বিএনপি নেতা নুরুল হক ও ব্যবসায়ী হাফিজ আফজাল হোসেন উভয় পক্ষকে পোস্ট মুছে ফেলার আহ্বান জানান।এসময় মাওলানা নজমুল হক নসিবের পক্ষ পোস্টটি মুছে ফেললেও অপরপক্ষ তা মুছে না ফেলায় আবারো উত্তেজনা শুরু হয়। এবং গ্রামের নুরুল আমিন ও আব্দুস সহিদ পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত তেরাব আলীর ছেলে আব্দুস শহিদের ভাই মাওলানা নজমুল হক নসিব সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ফেইসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে সুন্দর আলীর ছেলে লাহিন মিয়া (২০) বিরূপ মন্তব্য করলে এ নিয়ে বিরোধের সূত্রপাত হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে লাহিন মিয়া (২০), নুরুল আমিন (৩৫), আব্দুস সোবহান (৫৫), সুফিয়ান (২০), নাছির উদ্দিন (৩৮),সালাহ উদ্দিন (৩৫),আকছার আলী (২২), এমাদ উদ্দিন (২৫),জইন উদ্দিন( ৪০),আব্দুল আজিজ (৪২)সহ আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।সংঘর্ষের সময় কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইন গত ব্যবস্থা নেয়া ববে বলে জানিয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।




ছাতক প্রতিনিধি



