বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
একজনের মৃত্যু

সিলেটে হামে ২৪ ঘণ্টায় দেড় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি

  • প্রকাশের সময় : ৩০/০৯/২০২৬ ১৩:৩৩:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ফাইল ছবি
Share
8

সিলেটে হাম আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সেই সাথে বাড়ছে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও ১৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হামে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৮ জনে। 


স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের ৩০ সেপ্টেম্বরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৪০৮, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।


নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১৬৪ জনের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৫, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বিয়ানীবাজারে ১, মৌলভীবাজার সদর হাসপাতালে ৭, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩৮ এবং হবিগঞ্জ সদর হাসপাতালে একজন ভর্তি হয়েছেন। 


বর্তমানে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে—২৭৯ জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ১৪১ জন। এ ছাড়া সুনামগঞ্জ সদর হাসপাতালে ৭১, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২৭ জনসহ বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীরা চিকিৎসাধীন। 


এদিকে গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে এক বছর বয়সী সালমান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায়। 


স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি সময়ে সন্দেহজনক ও নিশ্চিত—দুই ধরনের হামে আক্রান্ত রোগীর মৃত্যুও বাড়ছে। বিভাগে এ পর্যন্ত সন্দেহজনক হামে ১৭১ জন এবং নিশ্চিত হামে ১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮১ জনে। এর মধ্যে সিলেটে ৭৩, হবিগঞ্জে ২৭, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।


স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, একদিকে নতুন করে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে মৃত্যুও থামছে না। বিশেষ করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীর চাপ বেশি। ফলে চিকিৎসাসেবা দিতে হাসপাতালগুলোকে বাড়তি চাপ সামলাতে হচ্ছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স