ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (ICCR) জানিয়েছে,২০২৭–২৮ শিক্ষাবর্ষ থেকে ভারতীয় ভাষা বিষয়ক কোর্স ছাড়া অন্যান্য ICCR স্কলারশিপের ক্ষেত্রে IELTS অথবা TOEFL সনদ বাধ্যতামূলক করা হবে। ভারতে উচ্চশিক্ষার সময় ইংরেজি মাধ্যমে একাডেমিক পাঠ ও নির্দেশনা অনুসরণে শিক্ষার্থীদের সক্ষমতা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ICCR বৃত্তির জন্য আবেদনকারীদের IELTS-এ Overall Band 6.0 বা তার বেশি অথবা TOEFL-এ CEFR B2 (Higher Intermediate) বা তার ওপরে দক্ষতার প্রমাণ দিতে হবে।
ICCR-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ইংরেজি ভাষায় পর্যাপ্ত দক্ষতার অভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম অনুসরণে বিভিন্ন সময়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। ভবিষ্যৎ বৃত্তিপ্রার্থীদের এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতেই ভাষাগত যোগ্যতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রস্তুতিতে ICCR-এর অনলাইন ইংরেজি কোর্স :
বৃত্তিপ্রার্থীদের সহায়তায় ICCR-এর উদ্যোগে Routes2Roots পরিচালিত একটি Online Advanced English Learning Courseচালু করা হয়েছে। কোর্সটিতে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক লেকচার বোঝার জন্য প্রয়োজনীয় ইংরেজি দক্ষতার পাশাপাশি ভারতে দৈনন্দিন যোগাযোগের জন্য বেসিক কথ্য হিন্দি শেখানো হবে।
কোর্সটি শুরু হবে ১৯ অক্টোবর ২০২৬। এর মেয়াদ ১২ সপ্তাহ বা তিন মাস। সপ্তাহে তিন দিন লাইভ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। মোট ৩৬টি ক্লাসে প্রতিটির সময়কাল ৯০ মিনিট কোর্সটির ফি নির্ধারণ করা হয়েছে ৫০ মার্কিন ডলার।
বিদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত এ কোর্সে অংশ নিতে আবেদনকারীদের ইংরেজি পড়া, লেখা ও বলার প্রাথমিক দক্ষতা থাকতে হবে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এই কোর্সে অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছামূলক এবং এটি IELTS/TOEFL-এর বাধ্যতামূলক সনদের বিকল্প নয়।অর্থাৎ ২০২৭–২৮ শিক্ষাবর্ষে ICCR বৃত্তির জন্য যোগ্য হতে নির্ধারিত IELTS বা TOEFL স্কোর অর্জন করতে হবে।
আগাম প্রস্তুতির আহ্বান :
ভারতে ICCR স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের নতুন ভাষাগত যোগ্যতার বিষয়টি বিবেচনায় নিয়ে আগেভাগেই IELTS বা TOEFL পরীক্ষার প্রস্তুতি শুরু করার আহ্বান জানানো হয়েছে।
ICCR-এর এই উদ্যোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের একাডেমিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভারতে তাদের শিক্ষা ও দৈনন্দিন জীবনকে আরও সহজ ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।




প্রতিদিন ডেস্ক



