সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ডাম্প ট্রাকভর্তি ফেনসিডিলসহ ২জন আটক করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চকের বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কোম্পানিগঞ্জ উপজেলার রাজাপুর এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মো. নজরুল ইসলাম (৩৪) ও এয়ারপোর্ট থানার রঙ্গিনটিলা এলাকার আসলাম আলীর ছেলে মাহবুব আলম (২১)।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চকের বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি নম্বর প্লেট বিহীন বালু বোঝাই ডাম্প ট্রাক তল্লাশি করে ৪৯০ বোতল ভারতীয় তৈরী ফেয়ারডিল (ফেনসিডিল) উদ্ধার করা হয়। পরবর্তীতে ডাম্প ট্রাকসহ ২ জনকে আটক করা হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।




প্রতিদিন প্রতিবেদক



