সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি)’র ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে পুলিশের অভিযানে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) ভোররাত ১২টা থেকে ওইদিনগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ২০ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতারকৃত আসামি রয়েছেন।
অভিযানকালে পুলিশ ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ হাজার ৭৫৫ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করেছে।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে মোট ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৩৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৮২টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগরীতে অপরাধ দমন, যানজট নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।




প্রতিদিন প্রতিবেদক



