আমন ধান সংগ্রহ কার্যক্রম চলাকালে সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মস্থলে উপস্থিত থাকার কথা থাকলেও এই কার্যক্রমের শুরুর দিনেই সিলেট সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ নিজ কর্মস্থলে উপস্থিত ছিলেন না। একই দিন সিলেট সদর উপজেলায় কোনো ধানও সংগ্রহ করা হয়নি। সরকারি নির্দেশনার মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
শনিবার (১৪ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে আমন-২০২৬ মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এবার সিলেট বিভাগে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৮৪৯ টন। এর মধ্যে শুধু সিলেট জেলায় সংগ্রহের লক্ষ্যমাত্রা ৬ হাজার ৬১২ টন। কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুত গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তবে সংগ্রহ কার্যক্রমের প্রথম দিন সিলেট সদর উপজেলায় কোনো ধান সংগ্রহ করা হয়নি। অন্যদিকে জেলার গোয়াইনঘাট উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মুস্তফা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকেরাও অংশ নেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সিলেট সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদ শনিবার ঢাকায় অবস্থান করছিলেন। এর আগে গত বৃহস্পতিবার তিনি বরিশালের একটি দ্বীপে নৌবিহারে যান।
খাদ্য অধিদপ্তরের সংস্থাপন শাখা থেকে গত ১২ নভেম্বর উপ পরিচালক অনির্বাণ ভদ্র কর্তৃক জারি করা এক অফিস আদেশে ১৪ নভেম্বর থেকে সারা দেশে একযোগে আমন-২০২৬ মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রম শুরুর কথা জানানো হয়। এতে অধিদপ্তরের মাঠপর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীকে ওই দিন নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।
ওই আদেশে আরও বলা হয়, ধান সংগ্রহ কার্যক্রম চলাকালে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। নির্দেশনা পালনে ব্যর্থ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। আদেশের অনুলিপি আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়।
আমন বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য। কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সরকারি খাদ্য মজুত গড়ে তোলা এবং খাদ্যনিরাপত্তা বজায় রাখতে প্রতিবছর এ মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ করা হয়। এ কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে খাদ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি ও তদারকি গুরুত্বপূর্ণ।
বিষয়টি নিয়ে সিলেট সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল ও মেসেজ পাঠালে কোন সদুত্তর পাওয়া যায়নি।
সিলেট সদর উপজেলায় ধান সংগ্রহ না হওয়া এবং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, আজ সদরে কোনো ধান সংগ্রহ করা হয়নি। সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিলেট বিভাগের বাইরে অবস্থান করছেন। পরবর্তীতে ধান সংগ্রহ করা হবে।
কর্মস্থলে উপস্থিত থাকার বিষয়ে অধিদপ্তরের নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন,এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক স্যার আছেন, তারাই ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মুস্তফা ঢাকা পোস্টকে বলেন,সিলেটের গোয়াইনঘাটে আমি ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম স্যারসহ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছি। এ সময় সেখানকার ইউএনওসহ আরও গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। তবে সিলেট সদর উপজেলার খাদ্য কর্মকর্তা কেন উপস্থিত ছিলেন না, তা জানা নেই। আমরা গোয়াইনঘাট থেকে ফিরে এ বিষয়ে খোঁজখবর নেব।
সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদের অনুপস্থিতির বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক।




প্রতিদিন প্রতিবেদক



