সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
এনআইসিইউ সিলগালা করার সিদ্ধান্ত

ফ্রিডম জেনারেল হাসপাতালে অনুমোদনহীন এনআইসিউ, ৪০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ২২/১১/২০২৬ ১৯:২৬:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
12

সিলেট মহানগরীর আম্বরখানায় অবস্থিত ফ্রিডম জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়। অভিযানে হাসপাতালে বিভিন্ন অনিয়মের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অনুমোদন ছাড়া পরিচালিত হাসপাতালটির নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (NICU) সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেখানে দুই শিশু ভর্তি থাকায় মানবিক বিবেচনায় তাদের নিরাপদ ব্যবস্থাপনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।


রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু। এতে তাঁকে সহযোগিতা করে সিলেটের সিভিল সার্জন কার্যালয় ও মহানগর পুলিশের সদস্যরা।


জানা যায়, ফ্রিডম জেনারেল হাসপাতালে পরিদর্শনকালে বেশ কয়েকটি অনিয়ম ও অব্যবস্থাপনা নজরে আসে। এর মধ্যে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই NICU পরিচালনা, অপারেশন থিয়েটারের টেবিল অপরিষ্কার রাখা এবং হাসপাতালের বর্জ্য ও ব্যবহৃত সরঞ্জাম ফেলার জন্য পৃথক রঙের নির্ধারিত বিন না থাকার বিষয়গুলো উল্লেখযোগ্য। এসব অনিয়মের কারণে ভ্রাম্যমান আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।


পাশাপাশি অনুমোদনহীন NICU সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওই ইউনিটে দুই শিশু ভর্তি থাকায় তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পর NICU সিলগালা করা হবে বলে জানানো হয়েছে।


অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু  সাংবাদিকদের জানান, ‘সিলেট ফ্রিডম জেনারেল হসপিটালে মোবাইল কোর্ট পরিচালনা করে অনুমোদন ছাড়া NICU ব্যবহার, অপারেশন রুমের টেবিল নোংরা, কালার বিন না থাকার কারণে ফ্রিডম জেনারেল হসপিটালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এনআইসিইউতে দুই শিশু থাকার কারণে মানবিক দিক বিবেচনা করে সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। সোমবার দুপুর ১২টার পর NICU-টি সিলগালা করা হবে।’


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স