যুক্তরাজ্য যুবদল ইস্ট লন্ডন শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বারোকোট এলাকার কৃতী সন্তান ও যুক্তরাজ্যপ্রবাসী এম ডি হাদি দীপু।
গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে ৮১ সদস্যবিশিষ্ট যুক্তরাজ্য যুবদল ইস্ট লন্ডন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. ইশতেখার হোসেন রাসেলকে সভাপতি এবং মো. এনামুল হককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী ঘোষিত কমিটিতে স্বাক্ষর করেন।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া এম ডি হাদি দীপু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর আগে তিনি লন্ডন সিটি যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশে থাকাকালে তিনি সিলেট জেলা ছাত্রদলের সদস্য ছিলেন।
রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন হাদি দীপু। এ সময় জেল-জুলুম, হামলা ও মামলার মতো প্রতিকূলতা উপেক্ষা করে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করেও তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত রয়েছেন।
তার এ পদপ্রাপ্তিতে গোলাপগঞ্জের বারোকোট এলাকাসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা হাদি দীপুর নতুন দায়িত্বকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে তিনি আরও গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করে দলের জন্য অবদান রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।




প্রতিদিন ডেস্ক



