সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও এই সময়ে হাম সন্দেহজনক এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে নতুন করে ১০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী- সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জ জেলায় ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ৪৩৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০৫ জন।
অপরদিকে, মঙ্গলবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবির হাসান নামে ৯ মাস বয়সী এক শিশু মারা গেছে। শিশুটি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আশরাফুলের সন্তান।
তাকে নিয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে সর্বমোট ২০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৮৩ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৩২ জন এবং মৌলভীবাজারে ১৬ জন।




প্রতিদিন প্রতিবেদক



