মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবের ওপর হা.মলা, ভিডিও ভাইরাল

  • প্রকাশের সময় : ১০/১১/২০২৬ ১৮:৫১:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল-ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বালিশিরা রিসোর্টের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসিব আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তির সাবেক এক নেতা। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর অতিথি হিসেবে বালিশিরা রিসোর্টে ওঠেন হাসিব আল-ইসলাম। মঙ্গলবার সকালে রিসোর্ট থেকে বের হয়ে এক নারীর সঙ্গে অটোরিকশাযোগে যাওয়ার সময় একদল ব্যক্তি গাড়িটির গতিরোধ করেন। পরে তাঁরা হাসিবের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অটোরিকশার গতিরোধ করে কয়েকজন ব্যক্তি হাসিবকে ঘিরে ধরছেন। একপর্যায়ে তাঁকে সেখান থেকে দৌড়ে সরে যেতে দেখা যায়। এ সময় হামলাকারীদের একজনকে তাঁকে ‘জুলাই জঙ্গি’ বলে সম্বোধন করতেও শোনা যায়।


ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসিব আল-ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে রিসোর্টে উঠেছিলেন। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছিলেন। রিসোর্টের ১১৮ নম্বর কক্ষের ‘অগ্নিবীণা’ ইউনিটে তাঁরা অবস্থান করছিলেন।


জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান জানান, হাসিব আল-ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়েছে। এতে তিনি আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ হামলার নিন্দা জানিয়ে তিনি হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।


এ বিষয়ে শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বালিশিরা রিসোর্ট কর্তৃপক্ষ থানায় ঘটনাটি জানায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তবে এরই মধ্যে হাসিব আল-ইসলাম ঢাকাগামী ট্রেন ধরতে রেলস্টেশনের উদ্দেশে ঘটনাস্থল ত্যাগ করেন।


তিনি আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য পুলিশের দুটি দল কাজ করছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও তদন্তের উদ্যোগ নেওয়া হলেও হামলার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স