সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে সাড়ে ছয় লাখ টাকার ভারতীয় টমেটোসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ সুরমা থানাধীন রশিদপুর পয়েন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ভারতীয় টমেটো পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকগাড়ীও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এসএমপি, মিডিয়ার দ্বায়িত্বে থাকা সিটিএসবি’র ডিসি মোঃ আফজাল হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ সুরমা থানাধীন রশিদপুর পয়েন্টে চেকপোস্ট চলাকালে একটি ট্রাক গাড়ীতে (ঢাকা মেট্রো-ট-১৬-৪৭৯৯) তল্লাশী করে ৩৭৬টি প্লাষ্টিকের ক্যারেটে ৯ হাজার ৪ শত কেজি আমদানী নিষিদ্ধ অবৈধ ভারতীয় টমেটো পাওয়া যায়। যার আনুমানিক মূল্য- ৬ লক্ষ ৫৮ হাজার টাকা।
এসময় এই ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী জেলার দামকুড়া থানার হরিপুর গ্রামের আমির হামজার পুত্র মোঃ মিনারুল ইসলাম (৩৮) এবং একই গ্রামের আলম হোসেনের পুত্র সোহাগ (১৮)।
ডিসি মোঃ আফজাল হোসেন জানান, এবিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




প্রতিদিন প্রতিবেদক



