মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি. নং চট-১২২৩) অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হোসেন দুলাল। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন মিছির আলী।
রোববার (১৫ নভেম্বর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ হাজার ৫৪ ভোট পেয়ে বিজয়ী হন দেলোয়ার হোসেন দুলাল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম হাসান টুলু আনারস প্রতীকে পেয়েছেন ২১০ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ৫০৯ ভোট পেয়ে জয়লাভ করেন মিছির আলী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইছুব মিয়া ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৬৩ ভোট।
নির্বাচনের ফলাফলে সভাপতি পদে দেলোয়ার হোসেন দুলালের বড় ব্যবধানে জয় স্পষ্ট হলেও সাধারণ সম্পাদক পদে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। মাত্র ৪৬ ভোটের ব্যবধানে ইছুব মিয়াকে পরাজিত করে চতুর্থবারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পান মিছির আলী।
নির্বাচনকে ঘিরে দিনভর শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমের সমাপ্তি ঘটে।




শ্রীমঙ্গল প্রতিনিধি



