পরিবারকে না জানিয়ে বাসযোগে ঢাকার যাত্রাবাড়ী থেকে সিলেটে চলে আসে ৯ বছরের শিশু রাফাতুল ইসলাম সিয়াম। পরে সিলেট নগরীর হজরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) শিশুটিকে নিরাপদে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকার যাত্রাবাড়ীতে নিজ বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বাসযোগে সিলেটে আসে সিয়াম। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে মাজার এলাকায় এক অপরিচিত নারীর সঙ্গে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তাকে। এ সময় কোতোয়ালি মডেল থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় শিশুটির অভিভাবকের পরিচয় শনাক্ত করে পুলিশ। এর ধারাবাহিকতায় শুক্রবার শিশুটিকে নিরাপদে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকনিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনেজানান, শিশুটি বর্তমানে পরিবারের কাছে নিরাপদে রয়েছে।




প্রতিদিন প্রতিবেদক



