বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা-মেয়ের মৃ'তদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ২৫/১১/২০২৬ ১১:০৪:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
30

সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকায় সুরমা নদীর ঘাট থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। একইদিন বিকেল থেকে নিখোঁজ ছিলেন তারা।


বিষয়টি নিশ্চিত করেছেন সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শিপলু চৌধুরী।


নিহতরা হলেন মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তার ১১ মাস বয়সী মেয়ে জয়স্মিতা বিশ্বাস। তারা সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৯ নম্বর ওয়ার্ডের পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী ও মেয়ে।


মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমির স্বামী জীবনানন্দ বিশ্বাস বলেন, 'আমার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। আমাদের ১১ মাস বয়সী মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শিশুটির বয়স যখন মাত্র তিন মাস, তখনই এ রোগ ধরা পড়ে। এরপর থেকে মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে আমার স্ত্রী সব সময় দুশ্চিন্তায় থাকতেন। মেয়েকে সারা জীবন রক্ত দিতে হবে, বিভিন্ন ধরনের চিকিৎসা করাতে হবে—এমন চিন্তা থেকে তিনি হতাশ হয়ে পড়েছিলেন।'


তিনি বলেন, 'স্ত্রীর মানসিক অবস্থার উন্নতির জন্য আমি বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছি। চার-পাঁচ দিন আগেও তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের প্রধানের কাছে নিয়ে গিয়েছিলাম। এর আগে চিকিৎসক সিদ্ধার্থ পালের কাছেও চিকিৎসা করিয়েছি। বিভিন্ন ওষুধ সেবন করানো হলেও তার অবস্থার তেমন উন্নতি হয়নি।'


জীবনানন্দ বিশ্বাস আরও জানান, বিকেল সাড়ে চারটার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যান তার স্ত্রী। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।


তিনি জানান, স্ত্রীর সঙ্গে তার কোনো ধরনের মনোমালিন্য বা পারিবারিক বিরোধ ছিল না। এ ধরনের কোনো কারণে তার স্ত্রী বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন কি না, তা-ও তাদের জানা নেই।


সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী বলেন, 'দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে নিখোঁজ হওয়া মা ও মেয়ের মৃতদেহ নগরীর মাছিমপুর এলাকায় সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা আমরা গুরুত্ব দিয়ে দেখছি।'


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স