বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি

  • প্রকাশের সময় : ২৫/১১/২০২৬ ১৩:১৭:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সামিরা খান মাহি
Share
10

বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তার যাত্রা। সেই স্বপ্নের পথে ছিল প্রস্তুতি, পরিশ্রম আর দেশবাসীর অকুণ্ঠ ভালোবাসা। তবে শেষ পর্যন্ত মিস ইউনিভার্সের মুকুটের লড়াইয়ে এগিয়ে যাওয়া হলো না বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির। প্রতিযোগিতার ৭৫তম আসরের সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা পাননি তিনি। প্রত্যাশিত ফল না আসার পর এবার দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন এই সুন্দরী।


সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহি। সেখানে তিনি লেখেন, প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন সত্যিই আমি কৃতজ্ঞ। আমি জানি, আপনাদের প্রত্যাশা অনেক বড় ছিল। আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে।


নিজের সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়ে মাহি বলেন, বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না। তবুও আজ একটা কথা বলতে চাই আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।


প্রত্যাশিত ফল না পেলেও পুরো যাত্রার অভিজ্ঞতাকে মূল্যবান মনে করছেন মাহি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়। আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।


পোস্টের শেষাংশে বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসা ও গর্বের কথা তুলে ধরেন এই প্রতিযোগী। তিনি বলেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।’


উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে প্রতিযোগিতায় অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দিয়ে নতুন অভিজ্ঞতা উপহার দেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালের প্রথম বাছাইয়েই থামল তার যাত্রা।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স