শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ট্রাকচাপায় কিশোর নি.হত

  • প্রকাশের সময় : ১৮/০৪/২০২৬ ১৫:৪৪:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
45

সুনামগঞ্জের জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মালবোঝাই ট্রাকের চাপায় শাহরিয়ার হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই অটোরিকশা স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত শাহরিয়ার সিলেটের বিশ্বনাথ উপজেলার তেঘরি (নোয়াগাঁও) গ্রামের কমলা মিয়ার ছেলে। তারা বর্তমানে জগন্নাথপুরের ইকড়ছই এলাকায় বসবাস করে আসছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক শাহরিয়ার ছিটকে ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যান। ঘাতক ট্রাকটি তাকে কিছুদূর টেনে হিঁচড়ে নিয়ে যায়। এতে তার শরীরের নিচের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।


দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুরের চেষ্টা চালায় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, অত্যন্ত গুরুতর অবস্থায় শাহরিয়ারকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। তাকে সিলেটে পাঠানোর প্রস্তুতি চলাকালে ১০-১২ মিনিটের মধ্যেই তিনি মারা যান।


জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স