সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন (৮০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৬ এপ্রিল) রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমের জানাজার নামায সোমবার দুপুর ২টায় লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার পর তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।
দেওয়ান শামসুল আবেদীনের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ছিল বৈচিত্র্যময়। দেওয়ান শামসুল আবেদীন সাবেক সিলেট-৩ (বর্তমান সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসন থেকে তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জেলা বিএনপির সভাপতিও ছিলেন। ১৯৯১ সালে সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ১৯৯৬ সালে তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে ২০০১ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সুনামগঞ্জ-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০৮ সালে তিনি স্বতন্ত্র হিসেবে একই আসনে নির্বাচন করেছিলেন। কিন্তু জয়ী হতে পারেননি। ২০২৩ সালের ২০ নভেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছিলেন, তবে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা এবং প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর নানা ষড়যন্ত্রের অভিযোগ এনে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।




সুনামগঞ্জ প্রতিনিধি



